নীলফামারীর ডিমলায় টিকা দিতে নিয়ে যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় নানী সূর্য খাতুন (৫৫) ও তার ১৪ দিন বয়সী নাতনী সামিয়া আক্তার নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য খাতুন গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি গ্রামের আব্দুস ছাত্তার খানের স্ত্রী এবং সামিয়া বাবুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, নানী সূর্য খাতুন তার নাতনী সামিয়া আক্তারকে কোলে নিয়ে টিকা দিতে গয়াবাড়ী টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে গেলে দ্রুতগতির একটি মালবাহী পিকআপভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নবজাতক সামিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সূর্য খাতুনকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নানী ও নবজাতক নাতনীর নিহতের ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে।






