মাদারীপুরে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকালে কালকিনি ও দুপুরে শিবচর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। রোববার দুপুর ১টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্য্যনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো: রফিকউদ্দিন মাতুব্বর (২৬)। তিনি বরিশালের উজিরপুরের সিরাজউদ্দিন মাতুব্বরের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বরিশালের যাচ্ছিলেন যুবক রফিকউদ্দিন মাতুব্বর। ঘটনাস্থলে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কের রেলিং-এ ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান রফিকউদ্দিন। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, চেষ্টা চলছে।
এদিকে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভূরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত জাহিদ হাসান শিবচর উপজেলার বহরামগঞ্জ-তালুকদাকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।






