মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আল আমিন (৮) গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে। সে ১০ নম্বর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে যায় আল আমিন। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিলো। এ সময় আল আমিনসহ ৪/৫জন শিশু বাল্কহেডে ওঠে বসে। বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় লাফ দিয়ে পানিতে নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় আল আমিন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনার ১৫ মিনিট পর দুপুর পৌনে ২টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘মাথায় তীব্র আঘাত জনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মাথায় তীব্র আঘাত পেয়ে সে পানিতে তলিয়ে যায়।’

বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বলেন, ‘এমন একটি খবর আমিও পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি ছেলেটি পানিতে পড়ে মারা গেছে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলম আজাদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। আপনাদের বিস্তারিত পরে জানাবো।