ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাত একটি ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার ইউনিটসহ একাধিক গোয়েন্দা সংস্থা।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান (TypicalChineseman)’ নামে একটি ই-মেইল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে ওই হুমকি পাঠানো হয়।

ই-মেইল বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়। বার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশ করে হামলার কথা উল্লেখ করা হয়।

হুমকির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান নয়া দিগন্তকে বলেন, এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। এসব হুমকির কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি।

এদিকে ই-মেইলে হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে সবার সহযোগিতা কামনা করে হুমকির ই-মেইলটি সংশ্লিষ্টদের কাছে ফরোয়ার্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোমা হামলার হুমকির ঘটনাটি তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাধিক নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।