আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে এবং প্রবেশ পথগুলোতে কড়াকড়ি নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেয়া কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ২০ ফেব্রুয়ারি রাত ৮টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের রাত ৮টার মধ্যে আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাশ ও পরিচয়পত্র ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মহান ভাষা দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে ভিসি ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বাদ আসর বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত/শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
এছাড়াও, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে ভিসি ভবন সম্মুখস্থ ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে নেতৃত্ব দেবেন। মৌন মিছিল ও প্রভাতফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গমন করবে। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, সকল অনুষদের ডিন, হল ও হোস্টোলগুলোর প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করবেন।
প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।











