সিলেট শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে পর দুই হাজার ৫৮৭ শিক্ষার্থীর মার্ক পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ডের তথ্যমতে, এবার খাতা পুনর্মূল্যায়নের জন্য ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী মোট ৫০ হাজার ৭১৩টি আবেদন করে।

জিপিএ পরিবর্তন হয়েছে এক হাজার ২৮৬ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন। অন্যদিকে ১৮৬ জন শিক্ষার্থীর ফল পুনর্মূল্যায়নের পর ফেল থেকে পাস করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় নিবন্ধিত ছিলেন ৮৯ হাজার ৬৮৬ জন। পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন। এর মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৯৫৭ জন। মূল ফলাফলে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ এবং ফেল করেন ৪১ দশমিক ৬৭ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ-৫ পায় তিন হাজার ৮৩৬ জন। পুনর্মূল্যায়নের পর এ সংখ্যা আরো বেড়েছে।

বিভাগভিত্তিক ফলে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ তিন হাজার ৬০৮ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছেলে এক হাজার ৬৮৪ এবং মেয়ে এক হাজার ৯২৪ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া ১২০ জনের মধ্যে ছেলে ২৪ ও মেয়ে ৯৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন, যার মধ্যে ছেলে ৩৭ ও মেয়ে ৭১ জন। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে তিন বিভাগেই মেয়েদের সংখ্যা বেশি।