রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই জাবালে নূর পরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় জাবালে নূর পরিবহনের বাসের রুট পারমিট বাতিলের ঘোষণা দেন বিআরটিএর চেয়ারম্যান।
অন্যদিকে, বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারকে এক সপ্তাহের মধ্যে আপাতত পাঁচ লাখ টাকা (টোকেন মানি) করে ক্ষতিপূরণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত রোববার দুপুরে হোটেল রেডিসনের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভার ঘেঁষে রাস্তার বাঁ-পাশে দাঁড়ানো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস। এতে দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। প্রতিবাদে তখন বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।






