চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব সদর দফতরে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন র‌্যাবের কর্মকর্তারা। বুধবার রাতে পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ সাংবাদিকদের তথ্য জানান।
তিনি বলেন, পরীমনিকে র‌্যাবের সদর দফতরে নেয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কর্নেল কে এম আজাদ জানান, রাত সোয়া আটটার দিকে র‌্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র‌্যাব সদর দফতরের পথে রওনা হন। পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে আসেন পরীমনি।

লাইভে তিনি বলেন, দিনদুপুরে কে বা কারা তার বাসায় আক্রমণ করেছে। তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান।

বারবার র‍্যাব সদস্যরা পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪টা ৩৫মিনিটে দরজা খুলে দেয়া হলে র‍্যাব সদস্যরা ভেতরে প্রবেশ করেন। এরপর শুরু হয় তল্লাশি। একপর্যায়ের পরীমনিকে আটক করা হয়। র‌্যাব সদস্যরা নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেফতারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালানো হয়।