চলমান কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় বৃহস্পতিবার রাজধানী ঢাকায় ৩৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, এছাড়া মোবাইল কোর্টে ১২৬ জনকে দু’লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৫৩৮টি গাড়িকে ১২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে আবার কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। প্রথমে এই বিধিনিষেধ ছিল ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। পরে এই বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

সূত্র : বাসস