দ্বিতীয় দফায় অভিনেত্রী পরীমণিকে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর দায়রা আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস। মঙ্গলবার দুপুরে পুলিশের অপরাদ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।
আদালতে পরীমণির মামলার পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভীসহ বেশ কয়েকজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন মুখ্য মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু।
আদেশ শোনার পর আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন পরীমণি। এরপর আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় মাস্ক খুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আপনারা মিডিয়া কী করছেন? সব তাকিয়ে তাকিয়ে দেখছেন।’
এর আগে, দুপুর ১২টার কিছুক্ষণ পর একটি মাইক্রোবাসে করে পরীমণিকে আদালতে নিয়ে আসে সিআইডি। গাড়ি থেকে নামার পরেই তাকে ঘিরে ধরে পুলিশ। গত ৪ আগস্ট গ্রেফতার সময় পরীমণি যে পোশাকে ছিলেন সেই পোশাক ও মাস্কেই আদালতে দেখা যায় তাকে।
আলোচিত এই অভিনেত্রীকে একনজর দেখতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় জমান শত শত মানুষ। জমায়েত নিয়ন্ত্রণে আদালত চত্বরে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। নিরাপত্তার স্বার্থে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদেরও এজলাস থেকে বের করে দেয়া হয়।
৪ আগস্ট বনানীর নিজ বাসা থেকে মাদকসহ র্যাবের হাতে গ্রেফতার হন নায়িকা পরীমণি। মাদক মামলায় তাকে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।






