পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
অন্য আসামিরা হলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহমান, রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
সোমবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি রিমান্ড নামঞ্জর করে দু’দিন তাদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এর পর পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে তিনদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য এদিন ধার্য করেন।
বুধবার রাতে ধানমন্ডি লেক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে পুলিশ। আটকের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
সূত্র : বাসস






