মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

বুধবার মুফতি কাজী ইব্রাহিমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই হাসানুজ্জামান।

ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানা নোমানের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ডিএমপির ডিবি উত্তরের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এক কর্মকর্তা বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে, মঙ্গলবার রাতে জেড এম রানা নামে একজন বাদি হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুফতি কাজী ইব্রাহিম নানান বক্তব্য আলোচিত হয়েছে। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।