আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের নির্বাচনে রোববার (৫ মার্চ) মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থীরা।
এর আগে বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্ট বারে ব্যাপক গণসংযোগ করেন। রোববার দুপুরে মনোনায়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সভাপতি প্রার্থী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, মনির হোসেন, জামিল আক্তার এলাহী, মো: আক্তারুজ্জামান, মো: সাইফুর রহমান প্রমুখ।
শনিবার (৪ মার্চ) বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়। এ প্যানেল থেকে সভাপতি পদে বারের সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচন করছেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সমিতির সম্পাদক পদে সাত বার দায়িত্ব পালন করেছেন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পাদক পদে দুই বার দায়িত্ব পালন করেছেন।
নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু ও অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও অ্যাডভোকেট মো: আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট রাসেল আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল
সুপ্রিম কোর্ট বারের ২০২৩-২০২৪ সেশনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থিতা ঘোষণা করা হয় ২৮ ফেব্রুয়ারি।
এ প্যানেল থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভেকেট মো: মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক আবদুন নূর দুলাল নির্বাচন করছেন।
সাদা প্যানেল থেকে দুই সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী এবং দুই সহ-সম্পাদক পদে এ বি এম নূরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাকি সাত সদস্য পদে মো: সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো: দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়েছে। তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
৫ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকাল ৫টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।



