গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে দু’জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হচ্ছে।
এরমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
এর আগে গত ৬ আগস্ট মামলার তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী হিসেবে দু’জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। মামলায় এখন পর্যন্ত পাঁচজন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন।
গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।






