বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে শিগগির সরকারবিরোধী ঐক্যবদ্ধ আন্দালনের চিন্তা করছে গণতন্ত্র মঞ্চ। রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে জনসভা করার চিন্তাও করছে জোটটি। পাশাপাশি আগামী ২১ অক্টোবর রাজধানীর মিরপুর ও ২৭ অক্টোবর উত্তরায় জনসমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এছাড়া এ মাসেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করারও পরিকল্পনা রয়েছে ৭ দলীয় জোটটির।
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল মঙ্গলবার নয়া দিগন্তকে এসব তথ্য জানান।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ হয়। জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এই মঞ্চের ঘোষণা দেন। জোটভুক্ত দলগুলো হচ্ছে- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সাইফুল হক বলেন, আমরা এই সরকারের পতন চাই। পাশাপাশি স্বৈরাচারী শাসন পদ্ধতির আমূল পরিবর্তন চাই। তাই আমরা এ মাসেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করতে চাচ্ছি। মতবিনিময়ে মূল আলোচ্য বিষয় কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি যুগপৎ আন্দোলন চাই। সেই আন্দালনের ভিত্তিগুলো কী হবে সে বিষয় স্পষ্ট করতে চাই। আমরা চাই সরকার পতনের জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি। কারণ সব বিরোধীদল একসাথে রাজপথে থাকলে মানুষের আস্থা বাড়বে।
বিএনপির ঘোষিত কর্মসূচিগুলোতে গণতন্ত্র মঞ্চের সমর্থন আছে কি না, এমন প্রশ্নের জবাবে মঞ্চের এই নেতা বলেন, অবশ্যই স্বৈরাচারের বিরুদ্ধে যে কর্মসূচি ঘোষণা করা হবে তাতে আমাদের নৈতিক সমর্থন থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে জোটের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নয়া দিগন্তকে বলেন, আমরা চাচ্ছি এ মাসেই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষ করতে। দেখা যাক কতটুকু পারি।
মতবিনিময়ের মাধ্যমে আরো বৃহৎ কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, এরকমটা আমরা ভাবছি না। আমরা সবার সাথে আলোচনা করে একটি যুগপৎ আন্দোলনের কথা ভাবছি, যেটা ৯০ সালে এরশাদের বিরুদ্ধে করেছি। আমরা সবাই মিলে একই দিনে একই কর্মসূচি দিবো। সমাবেশ করবো, মিছিল হবে। আর সেই মিছিল গিয়ে একসাথে হয়ে যাবে। সেখানে সবার স্লোগান থাকবে একই।
বিএনপির বিভাগীয় সমাবেশগুলোকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, দেশের বর্তমান যত সমস্যা তার জন্য দায়ী সরকার। আর এই সরকারের বিরুদ্ধে যারা রাস্তায় নামবে তাদেরই আমরা সমর্থন দিবো। সে ক্ষেত্রে বিএনপি ভালো করছে। তাদের সমাবেশগুলোতে অনেক লোক সমাগম হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দালনের জন্য আমরা জনগণের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করছি। এর ধারাবাহিকতায় বিএনপির সাথে আমাদের প্রথম ধাপের আলোচনা হয়েছে। সেখানে বেশ কিছু ইস্যুতে আমরা একমত হয়েছি। আবারো আলোচনা হবে। সেখানে ঐক্যের মাধ্যমে রাজপথে কিভাবে ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবি আদায় করা যায় সে বিষয়ে আলোচনা হবে। বিএনপির বিভাগীয় সমাবেশগুলোকে ইতিবাচকভাবে দেখছেন বলেও জানান তিনি।