নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে মন্ত্রণালয়ের অধীন দফতর, অধিদফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে কমিটির সদস্যদের বরণ করে নেয়া হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘প্রায় ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি ও মন্ত্রণালয় একসাথে কাজ করবে।’
তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা, সততার সাথে দায়িত্ব পালন এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দেয়ার ওপর জোর দেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে কর্মকর্তা-কর্মচারী ও সংসদীয় কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সরকার ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।’
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দফতর, অধিদফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নৌপরিবহন খাতের উন্নয়ন ও জনগণের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান, মো: হাফিজ ইব্রাহিম, মো: মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো: নাজমুল হুদা ও আবদুল হান্নান মাসউদ অংশ নেন।
এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর, পরিদফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।



