নিজস্ব প্রতিবেদক
দেশে আবারো মিছিলে বাধা, হামলা, মিথ্যা মামলা এবং ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার দেশের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সর্বস্তরে সংকীর্ণ ও নির্লজ্জ দলীয়করণ চালিয়ে যাচ্ছে।
রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টিসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, আগামী ৩১ অক্টোবর শনিবার গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নির্লজ্জ দলীয়করণ বন্ধের ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ অনুষ্ঠিত হবে।
লংমার্চের রুট তুলে ধরে তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। বহরটি পদ্মাসেতু হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট (বাগেরহাট), রূপসা ব্রিজ হয়ে খুলনা পৌঁছাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে রাত সাড়ে ৮টায় যোগ দেবে লংমার্চের বহর।
পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা (সকাল ৯টা); বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড় (বেলা ১১টা); খুলনা মহানগরীর বাবরী চত্বর (দুপুর ১২:৩০) ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর (দুপুর ২টা); যশোরের চাঁচড়ার মোড় (বিকেল ৩:৩০); ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে (বিকেল ৫টায়) পথসভা অনুষ্ঠিত হবে।
দেশের সার্বিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দরে সাবেক এমপি মেজর (অব:) আখতারুজ্জামানের সাথে দুর্ব্যবহার ও তাকে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নির্দয় হামলার ঘটনা ঘটেছে। বৈঠকে এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
তিনি আরো বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের নামে নাটক মঞ্চস্থ করছে। সংবিধান সংশোধনের পরিবর্তে ‘জুলাই সনদ’-এর আলোকে সংবিধান সংস্কার করা প্রয়োজন। এ ছাড়া, দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি এবং বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার লংমার্চ সফল করতে প্রশাসন, ট্রাফিক বিভাগ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো উসকানিতে ধৈর্য ও সংযম বজায় রেখে কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।



