ঢাকা-১৬ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন বলেছেন, প্রত্যেক বছরের ন্যায় এবারো টাকার অঙ্কে বাজেটের বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে এই বাজেট প্রান্তিক মানুষের জন্য কতটা উপকারে আসবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ বাজেট বাস্তবায়নের সাথে স্বচ্চতা, দৃঢ়তা ও দুর্নীতিমুক্ত প্রশাসন জরুরি।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থা খুবই নাজুক অবস্থা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, সেভাবে বর্তমান সরকারও শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। স্বাস্থ্যখাতে জনবল ও যন্ত্রপাতির অভাব চরমে। সরকারি হাসপাতালের করুণ দশা। সর্বত্র প্রাইভেট হাসপাতালে সয়লাব।
তিনি বলেন, দেশের বিভিন্ন বাহিনীকে শক্তিশালী করতে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন।
বাজেটে করারোপের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, সরকার ঋণ খেলাপিদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর কর আরোপ করেছে। এটা কতটা যুক্তিসঙ্গত হতে পারে, সেটা সরকারকে ভেবে দেখা উচিত।
তিনি বলেন, বাজেটে নিন্ম ও মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই। ভ্যাট ও করের প্রভাবে তাদের জীবনে নতুন করে নির্মমতা নেমে আসবে।
নিজ আসনের সমস্যর কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১৬ আসনটি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি। এখানে কোনো সরকারি হাসপাতাল না থাকায় বেশিভাগ মানুষ বেসরকারি চিকিৎসার ওপর নির্ভরশীল। এখানে কোনো বাসস্ট্যান্ড নেই। তবে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সেটি বাস্তবায়ন হলেও এখানে বহুতল বাসস্ট্যান্ড নির্মাণ করা সম্ভব।
তিনি তার এলাকা থেকে মাদকের ভয়াবহতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করেন।






