শিবির করার কারণে জুলাই অভ্যুত্থানে সমন্বয়কারীদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালনের পরও সাদিক কায়েম ও এস এম ফরদাহ যথাযথ স্বীকৃতি পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র আরেফিন মোহাম্মদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ফেইসবুক টাইমলাইনে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই থেকে তিনজন সেন্ট্রাল ক্যারেক্টারের একজন সাদিক কায়েম। শুধুমাত্র ঢাবি শিবির সভাপতি হওয়ার কারণে সাদিক তার প্রাপ্য স্বীকৃতিটা পায় নাই। এর দায় শিবিরেরও। জুলকারনাইন সায়ের যদি সাদিকের অবদান সামনে না আনতো, তাইলে সম্ভবত শিবির সাদিকের নাম মুখেও নিতো না।’

৯ দফার সিন্ধান্তে শিবিরের অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র বলেন, ‘৯ দফার ঘোষক আব্দুল কাদের নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিল, ৯ দফার ড্রাফট লিখেছিল এস এম ফরহাদ। সেই ড্রাফট কাদেরের কাছে পৌঁছানো হয়। কাদেরকে নারায়ণগঞ্জে শিবিরের একটা শেল্টারে পৌঁছানোর ব্যবস্থাপনায় ছিলেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর শিবিরের তৎকালীন তত্ত্বাবধায়ক সিবগাতুল্লাহ। এই ৯ দফার ভিডিও করা হয় নারায়ণগঞ্জ মহানগরী শিবিরের তৎকালীন সভাপতি আসাদুজ্জামান রাকিবের মোবাইলে। কারফিউর মধ্যে জীবনের রিস্ক নিয়ে এই ৯ দফা যে শিবিরের ছেলেরাই মিডিয়া হাউজগুলোতে সশরীরে হাজির হয়ে পৌঁছে দিয়েছিলেন, কাদের নিজেই তার ফেসবুক পোস্টে এইটা বলেছিলেন।’

তিনি বলেন, ‘অথচ দেখেন, গণঅভ্যুত্থানের ইতিহাসে কোথাও শিবিরের এই নেতারা নাই। এইভাবে ইতিহাস হারায়ে যায়।’