দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে সিপিবি। সকাল ১১টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো: শাহ আলম বক্তব্য রাখবেন।

এদিকে সংবাদ সম্মেলনের আগে দেয়া আমন্ত্রণপত্রে বলেছেন, যেনতেন প্রকারে ‘নিয়ন্ত্রিত নির্বাচনের’ ছক সরকারের। এতে আরো বলা হয়, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল ও বিপদজ্জনক হয়ে উঠছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচনের প্রচেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। যেনতেন প্রকার নির্বাচনের মাধ্যমে পুনঃ নির্বাচিত হওয়ার জন্য ‘নিয়ন্ত্রিত নির্বাচনের’ ছক কাটছে সরকার। নির্বাচন কমিশন নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে একতরফা নির্বাচন সংঘটিত করার পরিকল্পনায় সামিল হয়েছে। বিরোধীদের একাংশের পক্ষ থেকে ক্ষমতাসীন সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্যের আহ্বান দেয়া হয়েছে। এ অবস্থায় সিপিবি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে করণীয় বিষয়ে বক্তব্য জাতির সামনে তুলে ধরবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।