ড. কামাল হোসেনের নেতত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে চিঠি দিয়েছে ড. নূরুল আমিন ব্যাপারীর নেতত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ- এর একাংশ। সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ চার নেতাকে চিঠি দিয়ে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার কথা জানায় বিকল্পধারার এ অংশটি।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আসম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানকে চিঠি দিয়েছে বিকল্পধারার এ অংশটি।

চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করে বিকল্পধারা একাংশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বলেন, ‘বিকল্পধারাকে জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করতে আমরা চার নেতাকে চিঠি দিয়েছি। আমাদের জাতীয় ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ আগামীতে জাতীয় ঐক্যফ্রন্টের সব পোগ্রামে অংশগ্রহণ করবে বলে জানা যায়।

এদিকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন জেএসডির আবদুর বর ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

বিকল্পধারা একাংশের চিঠিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় বিএনপি, গণফোরাম ও যুক্তফ্রন্টের সম্মলিত উদ্যোগে ২২ সেপ্টেম্বর নাগরিক সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। যৌথ কর্মসূচি ঘোষণার জন্য গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে স্থান নির্ধারণ করা হয়। কিন্তু ওইদিন জাতীয় ঐক্যফ্রন্ট প্রেসক্লাবে জনতার সামনে উপস্থিত হলেও বিকল্পধারার প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে মাহী বি চৌধুরী ও দলের মহাসচিব মেজর (অব) এম এ মান্নানের ইচ্ছায় ঘোষিত কর্মসূচি থেকে তারা পিছুটান দেয় যা ছিল দুরভিসন্ধিমূলক। এ কারণে গত ১৮ অক্টোবর বিকল্পধারার গঠনতন্ত্রের ৫ (২) ধারা অনুযায়ী, তাদেরকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যা ১৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হয়।

বিকল্পধারা একাংশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. নূরল আমিন ব্যাপারী ও মহাসচিব অ্যাডভোকেট শাহ বাদল চিঠিতে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা ও ১১টি লক্ষ্য বাস্তবায়নে সব কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে বিকল্পধারা।

 

আরো পড়ুন : বি. চৌধুরী বহিষ্কার : জাতীয় ঐক্যফ্রন্টে থাকার ঘোষণা বিকল্পধারার

নিজস্ব প্রতিবেদক, ১৯ অক্টোবর ২০১৮, ১২:১৮

বিকল্পধারা বাংলাদেশের সাবেক প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আলম বেপারী নিজেকে দলটির প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেছেন। এর পাশাপশি অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে মহাসচিব হিসাবে ঘোষণা করেছেন।

দলের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ এমএ মান্নান ও মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়ে তিনি এই নতুন কমিটির নাম ঘোষণা করেন।

আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের বাইরে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নুরুল আলম বেপারী একথা জানান।

এসময় নবগঠিত কমিটির মহাসচিব অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলসহ এল কে সিদ্দিক, আজমেরী বেগম ছন্দা উপস্থিত ছিলেন।

এদিকে নতুন কমিটির গঠনের ব্যাপারে অধ্যাপক নুরুল আলম বেপারী জানান, বিকল্পধারার তিনজন বাদে সবাই তার সাথে আছেন। এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিকে নতুন কমিটির মহাসচিব বাদল বলেন, আজকে কিছু মানুষ রাতের অন্ধকারে সরকারের সঙ্গে আঁতাত করে মানুষকে বিপদে ঠেলে দিতে চায়।

তিনি বলেন, দেশে অবাধ নির্বাচন জনগণের দাবি। এই দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা বিকল্পধারার সকল নেতাকর্মী সিদ্ধান্ত নিয়েছি ঐক্যফ্রন্টের নেতৃত্বে আন্দোলনে অংশ নেব।

তিনি দাবি করেন, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে বিকল্পধারার মূলস্রোত। এর বাইরে অবস্থানকারীরা জনআকাক্সক্ষার বিরোধী শক্তি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সাংবাদিকদের মাধ্যমে এই ঘোষণা দেশজাতিকে জানানোর জন্য আমরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো আমাদের বৈধ অনুমতি থাকলেও হঠাৎ করে কারো কালো ইশারায় আমাদের সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হল দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। জাতির সংকট মোকাবেলা করার জন্য এ অস্থায়ী কমিটির ঘোষণা করা হলো। যতদ্রুত সম্ভব দলীয় গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন এ সময়ে ঘোষিত অস্থায়ী কমিটি জাতীয় ঐক্যফ্রন্টের যে কোনো কর্মসূচিতে বিকল্পধারার একমাত্র বৈধ নেতৃত্ব বলে বিবেচিত হবে।

আরো পড়ুন :  গোলাম মোর্ত্তজা বহিষ্কার : মোকাদ্দিমের নেতৃত্বে ২০ দলীয় জোটে থাকবে এনডিপি

নিজস্ব প্রতিবেদক, ১৭ অক্টোবর ২০১৮

খন্দকার গোলাম মোর্ত্তজাকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়ে‌ছে। দল‌টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো: আব্দুল মুকাদ্দিমকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হ‌য়ে‌ছে। একই স‌াথে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: ওসমান গণি পাটোওয়ারীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়ে‌ছে।

মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির এক বৈঠকে গঠনতন্ত্রের ৫৭(ক)(খ)(গ)(ঘ) ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দল ও ২০ দলীয় জোট বিরোধী কার্যকলাপ এবং সর্বশেষে জোট ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো: ওসমান গণি পাটোওয়ারী এক বিবৃতিতে এই সিদ্ধা‌ন্তের কথা জানান।

বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, ইতোপূর্বে জোট ও সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাকে দল থেকে বহিষ্কার করা হ‌য়।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও তার অঙ্গ সংগঠনসমূহকে এবং ২০ দলীয় জোটসহ সংশ্লিষ্ট সকলকে এখন থেকে দ‌লের চেয়ারম্যান হিসাবে মো: আব্দুল মুকাদ্দিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন প্রচার সম্পাদক মো: জিয়াউল হক।