বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপের আমন্ত্রণ একে অপরের সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না। এতে সরকারের সংলাপের আন্তরিকতা প্রমাণ করে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদ ও মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে। জামিন পেলেও তাঁকে মুক্তি দেয়া হয়নি। সেই মামলার সাজা বৃদ্ধি করা হয়েছে। এমতাবস্থায় খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না।
মির্জা ফখরুল আরো বলেন,‘একদিকে সরকার সংলাপের আমন্ত্রণ জানিয়েছে, অন্যদিকে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। এ দুটি বিষয় একে অপরের সাথে সাংঘর্ষিক। এতে সংলাপের আন্তরিকতা প্রমাণ করে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন,‘আপনারা যদি সত্যিই একটি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে সাত দফা দাবি পুরোপুরি মেনে নিতে হবে। সবার আগে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন অর্থবহ হবে না।’
বুধবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি ১২ টা পর্যন্ত পালন করা হয়।
মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিতে সকাল সাড়ে ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
আরো পড়ুন: রায় সরকারের ইচ্ছার প্রতিফলন : মির্জা ফখরুল
নয়া দিগন্ত অনলাইন, ৩০ অক্টোবর ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই রায়ে বিএনপি বিস্মিত ও স্তম্ভিত। এ রায় অস্বাভাবিক ও সরকারের ইচ্ছারই প্রতিফলন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তাকে রাজনীতি এবং আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বেআইনিভাবে সাজা দেয়া হয়েছে। আমরা রায় প্রত্যাখ্যান করছি।’
মঙ্গলবার নয়াপল্টনে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন। সংবাদ সম্মেলনে রায়ের প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশের মহানগর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি রায় দাবি করে প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া ও বিএনপিকে দূরে রাখতেই এই রায় দেয়া হয়েছে। এই রায়ের ফলে সংলাপ ফলপ্রসূ হবে কিনা সংশয় রয়ে গেল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, মঈন খান, ভাইস-চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন, মো. শাজাহান, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।






