একটি মানহানির মামলায় আদালতে হাজির করার সময় রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। সোমবার সকালে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সুপ্রিমকোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের মত গুণী মানুষের ওপর হামলায় দেশের সব আইনজীবীর সম্মানহানী হয়েছে। ব্যারিস্টার মইনুল হোসেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে দক্ষতা ও নিরেপেক্ষতার সাথে দায়িত্বপালন করেছিলেন। তাছাড়া আদালতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ব্যারিস্টার মইনুলের ওপর হামলার তীব্র নিন্দা করা হয়।
জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।






