সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এজন্যই তাকে(বেগম খালেদা জিয়া) ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয়, কারাগার কর্তৃপক্ষ চাইলে অবশ্যই বিএসএমএমইউতে তার চিকিৎসা হবে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২৩ মিনিটে তাকে হাসপাতালের ৬১২ নম্বর কক্ষ থেকে বের করা হয়। পরে একটি কালো এসইউভিতে করে কারাগারের পথে রওনা দেয়া হয়। এসময় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশসহ আইনশৃংখলা বাহিনী ছিল তৎপর।
খালেদা জিয়াকে সুস্থ বলা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘দেখুন সরাসরি এভাবে বলা যাবে না। উনার বার্ধক্যজনিত রোগ আছে। তাই একেবারে সেটা বলা যাবে না। তবে তার শারীরিক অবস্থা ইতিবাচক অর্থে স্থিতিশীল। উনাকে যথেষ্ট চিকিৎসাসেবা দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন,‘বেগম খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন করাই আছে। যে কোনো সময় প্রয়োজন হলে চিকিৎসা নিতে এখানে আসতে পারেন। আর কারাগারে তাকে নিয়মিত চিকিৎসা প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা ব্যবস্থা করবেন।’
উল্লেখ্য, গত ৬ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত ৪ অক্টোবর উচ্চ আদালত বিএসএমএমইউ’তে খালেদা জিয়ার চিকিৎসা করাতে ৫ সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দেন।
এদিকে সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করার জন্য ইতোমধ্যেই বিএসএমএমইউ হাসপাতালের আশেপাশে এবং নাজিমউদ্দিন রোডে অবস্থিত সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে কেবিন ব্লকে প্রবেশের ফটক।
অবশ্য এর আগে সকালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেয়া হবে কিনা-এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দিতে রাজি হননি বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।
তিনি বলেন, তাকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা কিংবা চিকিৎসা শেষে ফিরিয়ে নেয়া বিদ্যমান আইনের ওপর নির্ভর করছে।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়ার মতো পর্যায়ে রয়েছে কিনা এবং এ ব্যাপারে মেডিকেল বোর্ড তাদের মতামত দিয়েছে কিনা-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারাও কারাবিধি অনুসারে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে আইন মেনে তাদের মতামত প্রদান করবেন।






