নির্বাচনের আগে আবারো নিজের জাত চেনালেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। কথায় কথায় এরশাদ তার দলের নেতাদেরকে বহিষ্কার করে থাকেন আবার নিজের খেয়াল খুশিমতো দলে নতুন নতুন নেতাকে ভেড়ান। নিজের পছন্দ মতো না হলে তিনি নেতাদেরকে ছুড়ে ফেলে দেন। আবার তার কথামতো কাজ করলে তাকে পুরষ্কৃত করেন। দলে বড় বড় পদ দিয়ে তাকে খুশি করেন। একাদশ নির্বাচনের আগে আবারো এরকম চমক দেখালেন এরশাদ।
জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তিনি সরকারের খুব বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত।
দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে সেই পদ দেয়া হল। এদিকে গতকাল রোববারই রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করেছে পটুয়াখালী জেলার রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
নতুন মহাসচিব বলেন, এটা দলীয় সিদ্ধান্ত। পার্টির শৃঙ্খলা ফেরানোর জন্য চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন। রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য ছিলেন, থাকবেন।
এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।






