স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ২৫-৩১ জুলাই ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশব্যাপী এডিস মশার প্রকোপ এবং ডেঙ্গুর বিস্তার বৃদ্ধি পেয়েছে। কাজেই মশার বিস্তাররোধ ও ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারী দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং আমরা সম্মিলিতভাবে কাজ করছি। শিগগিরই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করি।

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করে মন্ত্রী এক বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। এতে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা এমপি, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী মৌসুমীসহ বিভিন্ন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারা অংশ নেন।