জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আমাদের দলের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী ও ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে।

সোমবার বনানী কর্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক ইসাহাক ভূইয়া, নির্মল দাশ, শাহজাহান মানসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য ৮ বিভাগে সাংগঠনিক টিম কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে গঠন করা হয়েছে। এই টিম তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী জেলায় জেলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সু-সংগঠিত করবে।

তিনি আরো বলেন, আমরা ঐক্যমত হয়েই রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে রাহগির আল মাহি এরশাদকে দলের মনোনয়ন দিয়েছি। এখানে কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মী একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করবে এবং আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।