সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (জাপা) মরহুম চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগিব আল মাহি ওরফে সাদ এরশাদ এমপিকে দলটির যুগ্ম মহাসচিব করা হয়েছে। দলটির চেয়ারম্যান জিএম কাদের এমপি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারার ক্ষমতাবলে রাহগির আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত. হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সাদ এরশাদ। ইতোমধ্যে ১০ অক্টোবর একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি শপথও নিয়েছেন।

এর আগে ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাদ এরশাদ। তিনি ১৭৫ কেন্দ্রে ৫৮ হাজার ৮৭৮ ভোট পান। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।