দুর্নীতি এই মুহূর্তে বাংলাদেশে একটি আলোচিত বিষয়। আমাদের জনগণ এটা নিয়ে খুব শঙ্কিত। রাষ্ট্রীয় যে দুর্নীতিগুলো হয়, তার একটি বড় অংশের উৎপত্তি হয় কাগজে। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমরা যদি নিরপেক্ষ ও ভালো করে সেগুলো পর্যালোচনা করি, তাহলে অনেক দুর্নীতি দূর করতে পারবো।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে অনেক কাগজ আসে, তালিকা আসে। সেগুলো যদি আমরা নিরপেক্ষভাবে ও ভালো করে পর্যালোচনা করি তাহলে তার মধ্যে অনেক ফাঁক-ফোকর ধরতে পারব। সামান্য একটা ফাঁক-ফোকর ধরতে পারলে বিশাল একটা দুর্নীতি রুখতে পারব।
তিনি আরো বলেন, আমাদের পথ একটা আছে, কেউ না করতে পারব না। আমার কাগজে আছে, কলমে আছে, আমার চোখের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে। ওইখানে আমাদের অবস্থানে থেকে যতদূর সম্ভব এর বিরুদ্ধে একটা অবস্থান নিতে হবে, যাতে এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি। কারণ রাষ্ট্রীয় যে দুর্নীতিগুলো হয়, এর বড় একটি অংশ উৎপত্তি হয় কাগজে।
পরিকল্পনামন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন,আমি আপনাদের কাছে আবেদন রাখব। আপনারা ধৈর্য ধরে কাজ করুন এবং চোখ-কান খোলা রেখে কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করুন। কোথায় কোনো ফাঁক-ফোকর রয়েছে কিনা দেখুন। আপনি যদি নিজে কর্তৃপক্ষ হন তাহলে নিজে করুন। আপনার উপরে কর্তৃপক্ষ থাকলে তাকে অবহিত করুন। আর মৌখিক নয় লিখিতভাবে সুন্দর ভাষায় পরিষ্কারভাবে বিষয়টি তুলে ধরুন। প্রতিকার হোক বা না হোক, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার জায়গা থেকে আপনি আপনার দায়িত্ব পালন করুন।
মন্ত্রী বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব এই দেশের মানুষের কল্যাণে। জাতির জন্যই আমরা এই কাজে আছি। এবং ওই কাজগুলো যদি আমরা সুন্দরভাবে করি। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যে শক্তি দিয়েছেন সেটাকে পুরোপুরি ব্যবহার করি।তাহলে হয়তো তাঁর প্রতি আমাদের সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
তিনি বলেন, দেশের অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা জানি। অনেক সম্ভাবনাও রয়েছে, অনেক সুযোগ রয়েছে।সব কিছুর মধ্যে একটা ভারসাম্য রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যার যার জায়গায় আছি। আমাদের অবস্থান থেকে যতটুকু পারা যায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া উচিত।



