সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাথে আবার বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ রোববার বেলা ১১টা থেকে জাতীয় সংসদের এলইডি হলে এ বৈঠক শুরু হয়। আজই প্রাথমিক আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কমিশনের ভাইস চেয়রম্যান আলী রীয়াজ।
তার সভাপতিত্বে সকালে জামায়াতের প্রতিনিধি দল আলোচনা শুরু করেন। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।
এর আগে গত ২৬ এপ্রিল কমিশনের সাথে জামায়াত নেতারা আলোচনা করলেও তা শেষ হয়নি।
দলটি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করার প্রস্তাবের সাথে একমত হয়েছিল। তবে তারা সংসদের উচ্চ ও নিম্ন-উভয় কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায়।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবেও নীতিগতভাবে একমত হয়েছিল দলটি। এক ব্যক্তি সর্বোচ্চ দু’বার প্রধানমন্ত্রী হতে পারবেন-এ প্রস্তাবের সাথেও একমত জামায়াতে ইসলামী।
রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের ২০ মার্চ থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা শুরু করে।
সূত্র : বিবিসি






