করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা: শায়লা শগুফতা ইসলাম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। মেয়রের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হওয়ায় তাদের সাথে একই হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। মেয়রের এপিএস-১ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদ উদ্দিন বলেন, মেয়র আতিকুল ইসলামসহ হাসপাতালে ভর্তি হওয়া তিনজনই শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। তারপরও তারা দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা: শায়লা শগুফতা ইসলাম ও মেয়রের একান্ত সচিব রিসাদ মোর্শেদ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে।

ফরিদ উদ্দিন জানান, ডিএনসিসির মোট আটজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো: জোবায়দুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব মো: মোজাম্মেল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা তাজিনা সরোয়ার, জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন, সাজিয়া আফরিন ও আবেদ আলী।

এপিএস ফরিদ উদ্দিন বলেন, গত ৮ অক্টোবর মেয়রসহ অন্যান্য কর্মকর্তারা মিরপুরে খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রমে যান। সেখানে ব্যাপক লোকের সমাগম হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই মেয়রসহ অন্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।