মরহুম শাহ্ আব্দুল হান্নান গণস্বাস্থ্যের কর মুক্ত করেছিলেন বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ কথা বলেন।
শোকবার্তায় ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় শাহ্ আব্দুল হান্নান মারা যান। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছি।
তিনি লেন, শাহ্ আবদুল হান্নান ছিলেন সৎ স্বজ্জন ও মানবিক সকল গুনের অধিকারী। তিনি ছিলেন আমার খুব কাছের মানুষ। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, একজন ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক লেখক বহু গুনে গুনান্বিত মানুষ।
তিনি বলেন, ১৯৭২ সালে তিনি যখন এনবিআর-এর দ্বিতীয় সচিব ছিলেন তখন বঙ্গবন্ধুর নির্দেশে তিনি আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের কর মওকুফ করেছিলেন। এটা ছিলো স্বাধীন বাংলাদেশের প্রথম কর মুক্ত দাতব্য প্রতিষ্ঠান। তার কর্মময় জীবন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, শাহ্ আব্দুল হান্নান বাংলাদেশ সরকারের সাবেক সচিব, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, দিগন্তে মিডিয়া করপোরেশন ও ইবনেসিনা ট্রাস্ট-এর চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা ছিলেন।






