রাজধানীর আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম ইশরাত জাহান (২১)। ফায়ার সার্ভিসের কর্মীরা আজিমপুরের স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইশরাতকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইশরাত জাহান। তিনি ফজিলাতুন্নেসা হলে থাকতেন। হল বন্ধ থাকার কারণে ইশরাত ও তার এক বান্ধবী আজিমপুর স্টাফ কোয়ার্টারের ১৮ নম্বর ভবনের নিচতলায় থাকতেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ভোর ৫ টা ১০ মিনিটে ইশরাতের বান্ধবী তাদের ফোন করেন। ফোনে জানানো হয়, আজিমপুরে ওই বাসার বাথরুমে আটকা পড়েছেন ইশরাত । পলাশী ব্যারাকের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যান। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। বাথরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল।
পরে দরজা ভেঙে ফায়ার সার্ভিস কর্মীরা ইশরাত জাহানকে উদ্ধার করেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশরাতকে মৃত ঘোষণা করেন। ইশরাতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ইশরাতের বাবার নাম আলতাফ মিয়া। তার বাড়ি নেত্রকোনার আটপাড়ায়।






