বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাতের কর্মসূচি ঘোষণা দেন বিএনপি।
কর্মসূচিতে অংশ নিতে সকাল ১১টা থেকেই বায়তুল মোকাররম দক্ষিণ গেট দিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেন। কিছু সংখ্যক নেতাকর্মী উত্তর গেট দিয়ে প্রবেশ করেন। তবে দক্ষিণ গেট দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঢুকতে বাধা দিচ্ছে না পুলিশ। নেতাকর্মী ঢোকার সময় তল্লাশি করে কোনো অস্ত্র বা ধারালো কিছু নিয়ে আসছে কি না সেটাও চেক করা হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল সাড়ে ১১টায় বায়তুল মোকারমে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি কাজী আমীর খসরু, উত্তর শ্রমিক দলের সভাপতি খন্দকার জুলফিকার আলী মতিন, দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, উত্তরের সাধারণ সম্পাদক কাজী শাহ আলম রাজাসহ কয়েক সহস্রাধিক বিএনপি নেতাকর্মী। তারা মসজিদের দক্ষিণ গেটে দাঁড়িয়ে ফটোসেশন করছেন।



