বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
সোমবার দুপুরে মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু করে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, নারায়াণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, ডা. জাহিদুল কবির, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শান্তসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 'খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী। আজ তাকে বিদেশে চিকিৎসার জন্য সবাই বলছেন। সব রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, আইনজীবীসহ সব শ্রেণী পেশার মানুষ তার চিকিৎসার দাবি জানিয়েছেন। অথচ সরকার দেশনেত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।
রুহুল কবির রিজভী বলেন, 'সরকার তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যার পরিনতি হবে ভয়াবহ। দ্রুত সম্ভব দেশনেত্রীকে বিদেশে পাঠানো না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে।'






