খুলনা কিরাত সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমানের সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বার্তায় এই শোক জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, ‘গত শনিবার দিবাগত রাত ১২টার পর খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট কাটাখালী মুনস্টার জুটমিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার মুখোমুখি ধাক্কায় শিবির কর্মী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, সমর্থক সালাউদ্দিন ও শিক্ষার্থী আব্দুল গফুর ইন্তেকাল করেন। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একই মাদরাসার শিক্ষার্থী সাকিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।’

এতে আরো বলা হয়, ‘তারা খুলনার আলিয়া কামিল মাদরাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে মাদরাসায় ফিরছিলেন। দা'য়ি ইলাল্লাহ, হাফেজে কুরআন ও সম্ভাবনাময় ইসলামের খাদেমদের হারিয়ে আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত। তারা দ্বীনের পথে নিজেদের গড়ে তুলছিলেন এবং দ্বীনি খেদমতে থাকা অবস্থাতেই ইন্তেকাল করেছেন।’

বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় দুই নেতা প্রাণ হারানো শিক্ষার্থীদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সাথীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর কাছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন।-বিজ্ঞপ্তি