শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ও ঢাকার দুই মহানগর যুবদলের নতুন কমিটি।

যুবদলের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

উল্লেখ্য, যুবদলকে গতিশীল করতে গত ২৭ মে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও সহ-সভাপতি পদমর্যাদায় দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল।

যুবদলের তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, যুবদলের বর্তমান কমিটি ঘোষণার পর থেকে যুবদল পূর্বের চাইতে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। যার প্রমাণ মেলে সারাদেশে যুবদল ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে যুবদলের সক্রিয় অংশগ্রহণ।

তারা জানান, যুবদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত, যা রাজপথে আন্দোলনে অনেক ভূমিকা রাখবে।

তাই যুবদলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে শিগগিরই কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার কার্যক্রম চালাচ্ছে কেন্দ্রীয় যুবদল।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনকে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়। ঢাকা মহানগর দক্ষিন যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিনকে কেন্দ্রীয় যুবদলের ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়। ফলে দুই মহানগরে নতুন নেতৃত্ব আসছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

একটি সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি ঘোষণা হলে এতে সভাপতি-সেক্রেটারি পদে আলোচনায় আছেন জগলুল পাশা পাপেল, শরিফ উদ্দিন জুয়েল, মিজানুর রহমান রাজ, সাজ্জাদুল মিরাজ, সাজ্জাদ হোসেন রুবেল, যুবদল নেতা হাবিব রহমান রাব্বি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ক্ষেত্রেও বর্তমান সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম সভাপতি হিসেবে থাকতে চান। যুগ্ম আহ্বায়করা প্রায় সবাই সাধারণ সম্পাদক হিসেবে থাকার জন্য দৌড়ঝাঁপ করছেন।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে আছেন ওমর ফারুক মুন্না ও আসিফুর রহমান বিপ্লব। এছাড়া সেলিম, জিন্নাহ, মামুন, গাফফার, আসলাম ও সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন তুহিন সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি ত্যাগী নেতৃবৃন্দদের দিয়ে সকল কমিটি ঘোষণা করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না নয়া দিগন্তকে বলেন, কমিটি গঠন ও পুনর্গঠন রাজনৈতিক সংগঠনগুলোর রুটিন কাজ। আমরা বিভিন্ন কমিটি নিয়ে কাজ করছি। সংগঠনকে আরো শক্তিশালী করতে আমাদের সেই কাজ অব্যাহত থাকবে।

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন বলেন, আশা করা যায় খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি আসছে। কত সদস্য বিশিষ্ট কমিটি আসছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন ছোট কমিটি করতে। কারণ ছোট কমিটি করলে কমিটির গুরুত্ব বাড়ে। এছাড়া বিবাহিত হওয়ার কারণে সাবেক অনেক ছাত্রনেতার পদ নেই। তাদের কথাও বিবেচনায় আছে। সব মিলিয়ে চেয়ারম্যান সাহেব যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।

ঢাকার দুই মহানগরে নতুন কমিটি আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে চেয়ারম্যান সাহেব যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।