আওয়ামী লীগ সরকারের অধীনে জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন অসম্ভব উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া এখন সময়ের দাবি।’

রোববার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া ও অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু আওয়ামী লীগের অধীনে জনগণ স্বাধীন রায় দিতে পারে না। এটা এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনাও বিরোধী দলে থাকতে সব সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চেয়েছিলেন। অথচ এখন তিনিই বিরোধিতা করছেন।’

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগের অধীনে নয়, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না।’

তিনি আরো বলেন, ‘গরীব, দুঃখী, অসহায় মানুষের প্রতি সরকারের কোনো নজর নেই। তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও তেল, চিনি, আটা ও ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পুনরায় মূল্যবৃদ্ধি যেন মরার ওপর খাঁড়ার ঘা। অথচ পরিকল্পনা মন্ত্রী বলছেন, কোনো কিছুই নাকি গরিব মানুষের নাগালের বাইরে নয়।’

তিনি আরো বলেন, ‘জনগণকে কচুরিপানা খাওয়ার আহ্বানকারী মন্ত্রীরা বাস্তবতা ও নিজেদের আড়াল করতে মিথ্যাচার করছে। সরকারের মিথ্যা অহমিকা, দুর্নীতি, লুটপাট, ভ্রান্তনীতি ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে দেশের এই বেহাল অবস্থা। জনভোগান্তি, দুর্নীতি, লুটপাট, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে গণজোয়ার দমন করতে সরকার হত্যা, নির্যাতন, গায়েবি মামলা, গ্রেফতার করছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুরে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হওয়া, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় তাঁতীদলের কর্মী সভা শেষে বাড়ি ফেরার সময় ১৫ নেতাকর্মী গ্রেফতার ও পরবর্তী সময়ে গায়েবি মামলা দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা হয়তো ক্ষমতার মোহে ভুলে গেছে, গুলি করে লাশ ফেলে বা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, হয়রানি করে জনতার আন্দোলন দমন করা যায় না। অতীতে কেউ পারে নাই, আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না।’

তারেক রহমানকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সন্তানকে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত করে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে।’

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কনভেনশন সেন্টার-সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার উত্তরাঞ্চলের পাঁচ ইউনিয়ন ও পৌর সভার ছয় শতাধিক অসহায় প্রতিবন্ধী, নারী ও পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হানিফ মো: শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আরফান আলী, আবদুল হামিদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আবদুল হাই, নাদিম আহম্মদ, মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান, শ্রমিক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম।