আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত খুনীদের দল। এরা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। বাঙালি জাতির স্বপ্ন ও মুক্তিযুদ্ধের লক্ষ্যকে এরা নষ্ট করেছে। এরা এখনো বাংলাদেশকে ধ্বংস করে পাকিস্তান বানাতে চায়।

শুক্রবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, খুনি জিয়া ও মুসতাক গংরা বঙ্গবন্ধুর পরিবার ও বিশ্বস্ত ১৮ জন সদস্যকে হত্যা করেছে। কারণ বঙ্গবন্ধু ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন। তিনি বাংলাদেশকে আত্মনির্ভরশীল বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন। খুনিরা তা মেনে নিতে পারেনি।

নাছিম বলেন, এই চক্র ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে একটি আদর্শ, একটি দেশকে ধ্বংস করবে। তারা একটি দেশের স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। ইতিহাসের ধারাবাহিকতায় আজকে প্রমাণিত হয়েছে খুনিরা ও আন্তর্জাতিক চক্র যে উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তা সফল হয়নি। তারা ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক শাসনের অধিকার এবং বাংলাদেশের মানুষের ভাতের অধিকার।

তিনি আরো বলেন, বিএনপি-জামাত সবসময় বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। এরা দেশকে দ্বিখণ্ডিত করে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এরা দেশে সাম্প্রদায়িক শক্তির জাগরণ ঘটিয়ে দেশের উন্নয়ন অগ্রগতিকে নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এদের সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

সভায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া, মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ বক্তব্য দেন।