আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ধর্মকে ব্যবহার করে বিএনপি-জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে চায়। বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে কাউকে রাজনীতির সুযোগ আমরা দেব না। সন্ত্রাসীদের হাতে আমরা আর জিম্মি হয়ে থাকতে চাই না। আমরা জঙ্গিবাদ ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস হতে দেব না। বিএনপি-জামায়াত হলো সন্ত্রাসী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, আমাদের মহান সংবিধানকে পদদলিত করেছে।
বুধবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিরপুর-১৪ নম্বরের জামিউল মাদরাসা ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তিনি এতিমদের টাকা মেরে খেয়েছেন। এই খালেদা জিয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য তার লোক দিয়ে ১৯ বার হামলা করিয়েছে। খালেদা জিয়া ও তার কুপুত্র তারেক রহমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালে গ্রেনেড হামলা করিয়েছিল। বিএনপি-জামায়াতের প্রশ্রয় তখন সারা বাংলাদেশ জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়।
বাহাউদ্দিন নাছিম বলেন, শোকের মাসে দাঁড়িয়ে আমরা শুধু শোক প্রকাশ করে বেঁচে থাকতে চাই না। আমরা শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করতে চাই। এই শক্তি দ্বারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে, তাদের প্রতিহত করবে। অশুভ শক্তির বিরুদ্ধে আমরা শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে এদের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এছাড়াও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুলসহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



