বাংলাদেশের পণ্যের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ইতোপূর্বে এই শুল্ক আরোপ করা হয়েছিল ৩৭ শতাংশ। পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। আজ চূড়ান্ত আলোচনা শেষে এই ঘোষণা এলো।

বাংলাদেশের পণ্যের ওপর এই শুল্ক কমানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রফতানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে ২০ শতাংশে নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

তিনি লেখেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন।’

পোস্টে এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান শফিকুর রহমান।