বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘দেশের সামগ্রিক ইতিবাচক পরিবর্তনে সকলকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত যুব সমাজ গঠন সুস্থ সমাজ গঠনের অন্যতম শর্ত। দেশের সার্বিক অব্যবস্থাপনার কারণে যুব সমাজের মাঝে মাদকাশক্তির বিস্তার ঘটছে। মূলত, মাদকমুক্ত সমাজ গড়তে রাষ্ট্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।’

আজ রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি দুর্নীতিমুক্ত দেশ ও অশ্লীলতা মুক্ত সমাজ গঠনে আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

থানা আমির ও সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, হাতিরঝিল অঞ্চল টীম সদস্য ইউসুফ আলী মোল্লা, থানা নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন ও সেক্রেটারি নুরুদ্দিন মোহাম্মদ জাহিদ, পরিবহন শ্রমিক নেতা কামাল উদ্দিন রায়হান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ডা: সুলতান মাহমুদ ও ছাত্র শিবির ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মেজবাহ উদ্দিন প্রমূখ।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নৈশকালীন ভোট এবং ২০২৪ সালে আমি ও ডামি নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ দেখতে চায় না। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আগে প্রশাসনের দলবাজী বন্ধ করতে হবে। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার, স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য নভেম্বরের মধ্যই গণভোট সহ পিআর পদ্ধতিতে নির্বাচনের সকল নাগরিকের ভোটের মূল্যায়ন করতে হবে। প্রয়োজন হলে এ বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে।’

তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে সকলকে ময়দানে আপোসহীন ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তা সেলিম উদ্দিন বলেন, ‘ঢাকা-১২ আসনে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল ভোটারের নিকট ব্যাপক দাওয়াতে কাজ করতে হবে। সকলের মন জয় করে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে।’ তিনি সবাইকে নির্বাচনী কাজে পর্যাপ্ত সময় দিয়ে বলিষ্ঠভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।