ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপি। গত বৃহস্পতিবার বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল, তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানোর জন্যই এ বৈঠক।

আজ রোববার ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। আজকেই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত করা যাবে আশাবাদ রাখি। আজকের বৈঠকে সংবিধান, এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে অংশ নিয়েছেন স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।