বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জনগণ চেয়েছে হাসিনার পদত্যাগ, হাসিনা করেছে দেশত্যাগ! কারণ হাসিনা পৃথিবীর সকল স্বৈরাচারকে হার মানিয়েছে। সকল দুর্নীতিবাজদের হার মানিয়ে বিশ্ব সেরা দুর্নীতিবাজ হয়েছে। খুনি হাসিনা বাংলাদেশের জনগণের উপর অমানবিক পাশবিক জুলুম নির্যাতন চালানো কারণে সে বুঝতে পেরেছে ক্ষমতা চলে গেলে তাকে ফাঁসি দড়িতে ঝুলতে হবে। সেজন্য ক্ষমতা ছেড়েই দেশ থেকে পালিয়েছে হাসিনা।’

তিনি বলেন, ‘যেই আওয়ামী লীগ দাবি করে, তাদের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে, তারা এদেশে স্বাধীন করে এনেছে, সেই আওয়ামী লীগ কেন গোষ্ঠীসহ পালিয়েছে। কেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের পালিয়ে যেতে হয়েছে?’

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রমনা থানা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, জ্বালাপোড়া, খুন, গুম উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন, ‘স্বাধীনতার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশের জনগণকে তারা দাস বানিয়ে নিজেরা মালিক সেজেছে। তারা জুলুম যত বাড়িয়েছে এ দেশের জনগণ ততই বিদ্রোহী হয়ে উঠেছে। মজলুম জনগণ আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে তাদের নিজ দেশ ভারতে চলে গেছে।’

তিনি আরো বলেন, ‘যেই কোরআনের কথা বলায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের উপরও অমানবিক পাশবিক জুলুম নির্যাতন হয়েছে, সেই কোরআনের শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করা পর্যন্ত জামায়াতে ইসলামীর আন্দোলন দুর্বার গতিতে চালিয়ে যেতে হবে। এ দেশের জনগণ বুঝে গেছে, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। তাই মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তির সমাজ গঠন করতে চায়।’ জনগণের প্রত্যাশা পূরণে তিনি উপস্থিত নেতাকর্মীদের অতীতের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের আহ্বান জানান।

রমনা থানা আমির মো: আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মান্নান এবং প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক রমনা থানার সাবেক আমির আবদুস সাত্তার সুমন।

রমনা থানা সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রমনা থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন, থানা বায়তুলমাল সম্পাদক আকবর হোসেন, থানা কর্মপরিষদের সদস্য যথাক্রমে নাছির উদ্দীন, আহমেদ আলী সরকার, নজরুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা মিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি