হঠাৎ করেই ইচ্ছে হলো পাখির মতো উড়ি
লাটাইটাকে হাতে বেঁধে দেই ছেড়ে মন ঘুড়ি।
নীল মেঘের ঐ রাজ্যে যাবো নীল পরীদের ভিড়ে
একটা পরী নিজেই হবো মেঘ সাগরের তীরে।

মেঘকে আমি বলবো হেসে কোথায় তোমার নাও?
এই সাগরে ভাসব বলে ছেড়ে এলাম গাঁও।
শুনেছি আজ জমবে মেলা, নীল পরীদের হাট
আলোয় আলোয় উঠবে জেগে তোমার এ তল্লাট।
নাও না আমায় সাথে ও ভাই শুভ্রতার এই দেশে
যেমন করে ভালোবাসা মেঘের সাথে মেশে।
যেমন করে তোমার বুকে বৃষ্টি বাঁধে ঘর
যেমন করে নদীর বুকে জাগে বালুচর।

বলল হেসে মেঘের রাজা, ইচ্ছেটা নয় মন্দ
কিন্তু তোমার শরীর জুড়ে মানুষ মানুষ গন্ধ!