যদি দেখা পাও কমলা নদীর
মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে,
যেখানে আমার কৈশোরকাল
হাসছে সাঁতার কাটতে কাটতে!
ঘাসে ঢাকা পথ, ধুলো উড়া পথ
ওই পথ ধরে চলতে চলতে,
ফুল পাখিদের সঙ্গে মনের
হাজারও কথা বলতে বলতে
যদি দেখা পাও সহজ সরল
গাঁয়ের চাষিকে ছুটতে ছুটতে,
যদি দেখা পাও সবুজ মাঠের
ভালোবাসা সুখ লুটতে লুটতে।
বলে দিও মাঠ ধানের ছড়াকে
মনের দুয়ার খুলতে খুলতে,
তোমার গল্প, সাড়া দেবে ঠিক
লাউয়ের ডগা দুলতে দুলতে।
যদি দেখা পাও খলিশা বিলের
বাঁকা পথ ধরে থামতে থামতে,
জোনাকিরা কত আসর জমাবে
সন্ধ্যা হঠাৎ নামতে নামতে।
রজনীগন্ধা সুবাস ছড়াবে
ঝিঁঝিঁদের বাঁশি বাজতে বাজতে,
ঘুমিয়ে পড়ো না চাঁদ জোসনায়
রাতের আকাশ সাজতে সাজতে।
