অসময়ে বৃষ্টির জলে
ব্যাঙের হলো সদ্দি,
টেংরা পুঁটি ত্বরিত বলে
খুঁজে আনো বদ্যি।

ঝাউয়ের তলে কোলা ব্যাঙে
ঘ্যাঙর ঘ্যাঙর কাশে,
কাশির স্বরে ইঁদুর বেইজি
বদ্যি নিয়ে আসে।

বদ্যি মশাই ধরলো কপাল
পুড়ছে জ্বরে মাথা,
কুমির এসে খবর পেয়ে
ধরছে মাথায় ছাতা।

বদ্যির পথ্য খেয়ে ব্যাঙে
মাথা দিলো নাড়া,
ডোরা সাপে শিস বাড়িয়ে
বলে একটু খাঁড়া।

পাতি হাঁসে শুনে বলে
ব্যাঙের নাকি জ্বর রে,
আজব কথায় ঘুরছে মাথা
তোরা আমায় ধর রে!