আমনের ধানক্ষেত যেন কাঁচা সোনা
এর চেয়ে দামি কিছু নেই জানাশোনা।
বায়ু বয় দোল খায় পাকা পাকা ধানে
শিন শিন শান শান সুর তোলে গানে।

প্রজাপতি ছুটে আসে মেলে দুই পাখা
পাখাভরা কারুকাজ কীযে মধুমাখা!
গোলাভরা ধান পাশে পোয়ালের গাদা
গরুগুলো বেলাশেষে গোয়ালেতে বাঁধা।

কাটাধান নিয়ে আসে কৃষকেরা সাঁঝে
সুখ সুখ উৎসুক সকলের মাঝে।
অবশেষে গোলা ভরে কৃষকের ধানে
স্বপ্নেরা জেগে ওঠে কৃষাণীর প্রাণে।