এক গ্রামে এক দর্জি বাস করত। সেই গ্রামের পাশেই ছিল বিশাল এক জঙ্গল। এই জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। একদিন এক হাতি ঘুরতে ঘুরতে পথ ভুলে গ্রামের ভেতর প্রবেশ করল। সেই হাতিকে দেখতে গ্রামের ছেলেপেলেরা জড়ো হলো। দলবদ্ধ হয়ে ওরা হাতিটাকে তারা করতে লাগল। গ্রামের দুষ্টু ছেলেদের হাত থেকে এক দর্জি হাতিকে রক্ষা করে তাকে কলা এবং কলাগাছ খেতে দিলো। এভাবে তাদের ভেতর বন্ধুত্ব হয়ে গেল। এরপর থেকে প্রতি দিন হাতিটি দর্জির দোকানে আসত। দর্জি তাকে কিছু না কিছু খেতে দিত। তারা ভালো বন্ধু হিসেবে একসাথে দিন কাটাতে লাগল। একদিন দর্জির দোকানে চুরি হলো এবং তার মন খুব খারাপ ছিল। যখন হাতিটি তার দোকানে এলো, তখন দর্জি সুই দিয়ে তার শুঁড়ে খোঁচা দিলো। হাতিকে কিছুই খেতে না দিয়ে ধমক দিয়ে চলে যেতে বলল। দর্জির এমন ব্যবহারে হাতির খুব মন খারাপ হলো। হাতি রেগে গিয়ে নদীর দিকে হাঁটা শুরু করল । নদী থেকে তার শুঁড় দিয়ে অনেক কাদা ও ময়লা ভরে নিলো। তারপর সে দৌড়ে দর্জির দোকানে এসে তার শুঁড় থেকে সব কাদা ও ময়লা দর্জির দোকানে ছুড়ে দিলো। দর্জির দোকান এবং দর্জি নিজে ময়লায় ভিজে গেল। তারপর হাতি জঙ্গলে ফিরে গেল। সেই অভিমানী হাতি দর্জির কাছে আর কোনো দিন ফিরে এলো না।
