একজন্ম শত দুঃখবিষাদ বেদনা
তবু মানুষকে বলেছি, একাকী কেঁদো না।
এত যে সমুদ্র জল চোখের ভিতর
তবু সে মানুষ পায়নি আপন ঘর।
ভ্রুক্ষেপ করিনি নিজের কল্পিত ছায়া
দুঃসময়ে বৃক্ষের সম্মুখে ছায়া চাই
শ্যামল-সুন্দর বুকে রমণীর মায়া
আমার সুখের গন্তব্য কী করে পাই?
একজন্ম, শত দুঃখবিষাদ বেদনা
তবু মানুষকে বলেছি, একাকী কেঁদো না।
সীমাহীন জলের তৃষ্ণায় পাতা ঝরে
উথাল-পাতাল এলোমেলো এ মানুষ
সংগোপনে উড়ায় সে দুঃখের ফানুস
ক্ষোভের আগুন জ্বেলে দেয় নিজ ঘরে।
